অবৈধ প্রবেশের দায় ভারতীয় ১২ জেলেকে আটক
প্রকাশিত হয়েছে : ১:৩৯:০৭,অপরাহ্ন ০৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩০২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশের সমুদ্রসীমায় মাছধরার ট্রলারসহ ১২ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড বাহিনী। অবৈধভাবে প্রবেশ করে সামুদ্রিক মাছ শিকারের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বঙ্গোপসাগরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে মোংলা কোস্টগার্ড বাহিনীর সদস্যরা।
আটকৃত ভারতীয় জেলেদের সবাই ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
আটক জেলেদের রবিবার (৯ ফেব্রয়ারি) বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হবে। কোস্টগার্ডের বরাত দিয়ে মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী এ তথ্য জানান।
ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এলাকায় কোস্টগার্ড সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সেখানে কয়েকটি ভারতীয় মাছধরার ট্রলারসহ জেলেদের দেখতে পান। এ সময় ধাওয়া করলে অন্য জেলেরা পালিয়ে গেলেও একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হয়।
তিনি আরো জানান, ওই ভারতীয় ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করে মাছ শিকার করছিলো। শনিবার দুপুরে আটক ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। পরে এ জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা করা হয়।
প্রসঙ্গত, এ নিয়ে ৭ দফায় ১০টি ফিশিং ট্রলারসহ ১১৫ জন ভারতীয় জেলেকে আটক করলো কোস্টগার্ড।






