নামাজ পড়ে বের হতেই সহপাঠীর হাতে স্কুল ছাত্র খুন
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:১০,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৮৭১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই কুমিল্লায় সহপাঠীদের ছুরিকাঘাতে মোমতাহিন ইসলাম মিরন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মিরন নগরীর কুমিল্লা মডার্ন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
রোববার (২১ এপ্রিল) শবে বরাতের রাতে এ ঘটনা ঘটে। সে জেলার সদর উপজেলার ঝাগুরঝুলি বিষ্ণুপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। মিরন পরিবারে ৪ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার এ মৃত্যুর খবর পেয়ে সহপাঠীরা বাসার সামনে ভিড় জমায়।
নিহতের সহপাঠী ও পরিবারের সদস্যরা জানায়, কিছু দিন আগে মডার্ন স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সহপাঠী আবিরের সাথে সপ্তম শ্রেণির পল্টুর বিরোধ সৃষ্টি হয়।
রোববার শবে বরাতের রাতে এশার নামাজ পড়তে মিরন ও তার বন্ধু আবির নগরীর ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদে যায়। সেখানে নামাজ থেকে বের হওয়ার পর আবিরের সাথে পল্টুর বন্ধু আমিনের বাকবিতণ্ডা দেখে মিরন ওই বিরোধ থামাতে এগিয়ে আসে। এসময় পল্টু ও তার সহযোগীরা মিরনক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১২টার দিকে সে মারা যায়।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।






