গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২:২৬:২৮,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২৬ | সংবাদটি ৫২ বার পঠিত
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার আল-এমদাদ উচ্চ বিদ্যালয়, চন্দরপুর কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির ৩৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আল-এমদাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম চৌধুরী, বুধবারীবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনাম উদ্দিন, চন্দরপুর বাজার বণিক সমিতির সভাপতি ডা. আব্দুল মুতলিব, সমাজসেবী আতিকুর রহমান, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন, এলবি গ্রীণ ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, পরীক্ষা নিয়ন্ত্রক শফিক উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হামিদ, ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, পরীক্ষা কমিটির সদস্য সচিব সালমান কাদের দিপু, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান ও সামছুল ইসলাম কয়েছসহ অনেকে।
পরিদর্শন শেষে অতিথিরা পরীক্ষার আয়োজন ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি, মেধার বিকাশ এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ট্রাস্টের শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তারা।
শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ২০২৩ সাল থেকে প্রতিবছর মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। পাশাপাশি ২০২০ সাল থেকে শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, বন্যার্তদের সহায়তা, শিক্ষাসামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শহীদ মিনার ও সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি ফজলুল হকের কন্যা শিরিন হকের স্মরণে ২০২০ সালে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন তাঁর পিতা। শিরিন হক যুক্তরাজ্যে শিক্ষকতা ও মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ট্রাস্টের চেয়ারম্যান ফজলুল হকের অর্থায়নে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।





