যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১:১৫:৪৫,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ৩০ বার পঠিত
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর একমাইল এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী সুরাব আলীর নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে গিয়ে চাঁদা দাবি, নির্মাণকাজে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি ধারাবহর একমাইল আবাসন প্রকল্পে এক ব্যক্তি নির্মাণাধীন বাড়িতে গিয়ে প্রথমে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। একপর্যায়ে শ্রমিকরা তাকে আটকিয়ে পুলিশে ফোন করার কথা বললে তিনি নিজেকে একটি সিমেন্ট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তি চাঁদা না দিলে নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন।
বিষয়টি যাচাই করতে গোলাপগঞ্জ পৌরশহরের সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান মিরাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শামীম আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার প্রতিষ্ঠান থেকে ওই এলাকায় কোনো বিক্রয় প্রতিনিধি পাঠানো হয়নি।
নির্মাণাধীন বাড়ির কন্ট্রাক্টর খুরশিদ আলম বলেন, গত কয়েকদিন ধরে ৩-৪ জন ব্যক্তি বিভিন্ন সময়ে নির্মাণস্থলে এসে চাঁদা দাবি করছেন। তারা ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করেন। তিনি স্থানীয় না হওয়ায় তাদের কাউকেই চেনেন না। কয়েকদিন আগে তিনি ১ হাজার টাকা চাঁদা দিয়েছেন বলেও জানান।
খুরশিদ আলম আরও অভিযোগ করেন, যেদিন ওই ব্যক্তিরা নির্মাণস্থলে আসেন, সেদিন রাতে নির্মাণসাইট থেকে রড চুরির ঘটনাও ঘটেছে। তবে চাঁদা দাবির সঙ্গে রড চুরির কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমকে ফোনে বিষয়টি জানানো হলে তিনি শুনে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেন।
নির্মাণসংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।





