নিখোঁজের ২৫ দিন পর ছাত্রীর মাথাবিহীন লাশ শ্রেণী কক্ষে!
প্রকাশিত হয়েছে : ২:৩২:১৩,অপরাহ্ন ২২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৬৫ বার পঠিত
চাঁদপুর থেকে সংবাদদাতা:: চাঁদপুরে নিখোঁজের ২৫ দিন পর কিন্ডারগার্টেন স্কুলের শ্রেণী কক্ষ থেকে এক ছাত্রীর মাথাহীন লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের অক্সফোর্ড কিন্ডারগার্টেনে এটি উদ্ধার করা হলেও মাথা খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
তবে স্থানীয়রা ধারণা, স্থানীয় নবম শ্রেণির ছাত্রী কাকলীকে জবাই করে হত্যার পর লাশ স্কুলের কক্ষে রেখে দিয়েছে হত্যাকারীরা।
সে ইসলামাবাদ সপ্তমগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার পিতার নাম ভজন মিস্ত্রি। বাড়ি ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে। ২৫ দিন আগে নিখোঁজ হয় সে। তার নিখোঁজের বিষয়ে মতলব উত্তর থানায় জিডি করা আছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলার সময় কক্ষে লাশটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এসে লাশটি কাকলীর বলে শনাক্ত করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, মেয়েটি ২৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজকে আমরা একটি গলা কাটা দেহ উদ্ধার করেছি। তার বডি থাকলেও মাথা পাওয়া যায়নি। সে কারণে আমরা এখনও পুরোপুরি আইডেন্টিফাই করতে পারছি না। এখনোও বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আমরা তদন্ত করছি।






