হবিগঞ্জে স্বস্তি, চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনার অস্তিত্ব নেই!
প্রকাশিত হয়েছে : ৮:১০:৩৮,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩০৬ বার পঠিত
হবিগঞ্জ থেকে সংবাদদাতা:: হবিগঞ্জে চীনফেরত শিক্ষার্থী রায়হানের শরীরে কোনো ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে শঙ্কামুক্ত হয়েছে হবিগঞ্জবাসী।
রায়হান আহমেদ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুন নুরের পুত্র। সে চীনের একটি মেডিকেল কলেজের শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শায়েস্তানগরের চীনফেরত রায়হান আহমেদ নামে এক যুবক অসুস্থ হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় চিকিৎসকরা তাকে সন্দেহভাজন হিসেবে সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়। এ দিন সন্ধ্যা ৬টার দিকে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে রায়হানের শরীরে মরণব্যাধি করোনা ভাইরাসের কোনো ধরনের অস্তিত্ব পাওয়া যায়নি। ফলে স্বস্তিতে রয়েছে শহরের লোকজন।






