প্রাইভেট পড়ে স্কুলে গিয়ে পিটি চলাকালে শিক্ষার্থীর মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ৩:৪৯:৫১,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫৪০ বার পঠিত
চাঁদপুর থেকে সংবাদদাতা:: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সমাবেশের (পিটি) সময় শিরিন আকতার নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সকালের নাস্তা না করেই ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়, সেখান থেকে ক্ষুধা পেটেই স্কুলে গিয়েছিল সে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণেই তার মৃত্যু হয়।
শিরিন আকতার উপজেলার ৬নং পূর্ব বড়কুল ইউনিয়নের জয়নাল আবেদীনের কন্যা ও বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, বিদ্যালয়ে পিটি চলার সময় হঠাৎ শিরিন আক্তার জ্ঞান হারিয়ে ফেলে। ওই সময় অন্যান্য শিক্ষার্থীরা তাকে কোলে করে বিদ্যালয় মিলনায়তনে নিয়ে যায়। সেখান থেকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক ইফ্ফাত রুবাইয়াত তাকে মৃত ঘোষণা করেন।
শিরিনের মা জ্যোস্না আকতার বলেন, ‘বুধবার সকাল ৭টায় কিছু না খেয়েই স্কুলে প্রাইভেট পড়তে যায় শিরিন। যাওয়ার সময় বাইরে কিছু খাওয়ার জন্য টাকা নিয়ে যায়। সকাল সাড়ে ১০টার সময় স্কুল থেকে খবর পাই শিরিন অসুস্থ। এরপর হাসপাতালে এসে দেখি আমার মেয়ে আর নাই।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আবদুর রশিদ বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে গিয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।’






