দরগাহ মাদরাসার দেড়শতাধিক শিক্ষার্থী একসাথে হাসপাতালে ভর্তি!
প্রকাশিত হয়েছে : ১০:২৫:০১,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬১৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের ঐতিহ্যবাহি ইসলামি বিদ্যাপীঠ জামেয়া ক্কাসিমুল উলুম দরগাহ মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রোগে আক্রান্ত একজন শিক্ষকও হাসপাতালে রয়েছেন। খাবার থেকে এ রোগ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ কারণে আগামী ১০ অক্টোবর পর্যন্ত মাদরাসার ক্লাস বন্ধ রয়েছে।
মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা জুনাইদ কিয়ামপুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (৪ অক্টোবর) রাত থেকে কিছু শিক্ষার্থীর ডায়রিয়া ভাব দেখা দেয়। পরদিন শনিবার শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে তাদের ভর্তি করা হয়। মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা ফারুক আহমদও একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। তাদের মাঝে দু’জন শিক্ষার্থীর অবস্থা গুরুতর ছিলো, এখন তারা আশঙ্কামুক্ত।
তবে কি কারণে হঠাৎ একসাথে এতো শিক্ষার্থীর ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়ে শিক্ষকরা চিন্তিত। প্রাথমিকভাবে খাবার থেকে সংক্রামক দেখা দিলেও তদন্ত চলছে কোন রহস্য লুকিয়ে আছে কি না। শিক্ষার্থীদের সুস্থতা ও নিরাপত্তার জন্য আগামী ১০ অক্টোবর পর্যন্ত ক্লাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।






