‘মশা’র ভয়ে আগারগাঁও অফিসে যান না অর্থমন্ত্রী!
প্রকাশিত হয়েছে : ৮:২৪:১০,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মশার কামড়ের ভয়ে আগারগাঁওয়ের কার্যালয়ে অফিস করতে যাচ্ছেন না জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখন থেকে সচিবালয়ে অফিস করবেন বলে জানান অর্থমন্ত্রী।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমি খুবই অসুস্থ ছিলাম। এটা নিজেই সংসদে ঘোষণা দিয়েছি। তবে ওই অসুখ এখন নেই। চোখের সমস্যাটাও চলে গেছে। চিকিৎসকের পরামর্শে এখন চশমা ব্যবহার করি।’
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ওখানে (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) বেশি মশা। এ পর্যন্ত দুবার কামড় দিয়েছে। একবার তো চিকুনগুনিয়া হলো; এরপর ডেঙ্গু। এ জন্য আমি ভয়ে ওখানে যাচ্ছি না।’
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের দুদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন অর্থমন্ত্রী। ১৩ জুন বাজেট পেশ শুরু করলেও তিনি শেষ করতে পারেননি। পরে অর্থমন্ত্রীর পক্ষে বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






