শুরুতেই ‘ভয়ঙ্কর’ ব্যাটসম্যানের ক্যাচ ছাড়লেন তামিম ইকবাল!
প্রকাশিত হয়েছে : ১১:১৩:২৪,অপরাহ্ন ০২ জুলাই ২০১৯ | সংবাদটি ২৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রোহিত শর্মার মতো ‘ভয়ঙ্কর’ একজন ব্যাটসম্যানের ক্যাচ ফেলে দিলেন তামিম ইকবাল। মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। ডিপ স্কোয়ার লেগ থেকে একটু বাঁ দিকে দৌঁড়ে গিয়েছিলেন তামিম। কিন্তু তার হাত থেকে ফসকে যায় ক্যাচটি।
মঙ্গলবার বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট কোহলিদের সংগ্রহ ৮ ওভারে বিনা উইকেটে ৪৭ রান। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বার্মিংহামের এজবাস্টনে।
আজকের ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছ বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। আর মেহেদী হাসান মিরাজের বদলে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন।
অন্যদিকে, একাদশে দুইটি পরিবর্তন এনেছে ভারত। কুলদীপ যাদবের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আর কেদার যাদবের বদলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক।
দুই দলেরই এটি অষ্টম ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে। আর সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে তাহলে সেমির আশা টিকে থাকবে। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ভারত যদি আজ জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। আর হারলে তাদেরও বাদ পড়ার শঙ্কা থাকবে।






