অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি বাংলাদেশের জন্য পয়া! তবে….
প্রকাশিত হয়েছে : ৮:১৬:৪৫,অপরাহ্ন ২০ জুন ২০১৯ | সংবাদটি ২১৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি সবসময় বাংলাদেশের জন্য ছিল সৌভাগ্য (পয়া)! ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টিবাধায় হয়নি দুই দলের খেলা। তাতে ভীষণ উপকৃত হয়েছিলেন মাশরাফিরা। তবে এবার বৃষ্টি হলে খুব একটা লাভ নেই। প্রথম ও শেষ কথা জয়। কাঙ্ক্ষিত বিজয়ই টাইগারদের সেমিফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে দিতে পারে।
জয়ের প্রত্যাশায় বৃহস্পতিবার বিকেলে নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচের আগেও আলোচনায় ছিল বৃষ্টি। ইতিমধ্যে বৃষ্টিতে বিশ্বকাপের চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই এদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
গুরুত্বপূর্ণ লড়াইয়ে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে বৃষ্টিকে। এ ম্যাচে লুকোচুরি খেলতে পারে সেটি। মাঝে মধ্যে হানা দিতে পারে বেরসিক বৃষ্টি। আবার তা আড়াল হয়ে দেখা মিলবে সূর্যের আলোর। তবে সুখবর হচ্ছে, খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ম্যাচের ফলে প্রভাব ফেলবে ইংলিশ কন্ডিশন।
নটিংহ্যামের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে উভয় দলই। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকেলে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। কিছুটা সময় বৃষ্টিবাধা থাকলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।






