ক্রিকেটের অঘোষিত দুই ‘মোড়ল’ মুখোমুখি হচ্ছে আজ
প্রকাশিত হয়েছে : ১০:০৫:০১,অপরাহ্ন ০৯ জুন ২০১৯ | সংবাদটি ২৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বকাপের আসরে ক্রিকেটের অঘোষিত দুই ‘মোড়ল’ ভারত-অস্ট্রেলিয়া একে অপরের প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে আজ (রবিবার)।
লন্ডনের ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে দ্বাদশ বিশ্বকাপের চতুর্দশ ম্যাচটি।
বিশ্বকাপের আসরে প্রথম দুই ম্যাচ জিতে দারুণ ফুরফুরে মেজাজে আছে অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চাপে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াত পারে অজিরা, তার প্রমাণ রেখেছে ক্যারিবিয়দের বিপক্ষে ম্যাচে। পরাজয়ের শঙ্কায় থেকেও ব্যাটসম্যানদের সহায়তায় উইন্ডিজকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপে অন্যতম ফেবারিট দলটি। ভারতের বিপক্ষেও বেশ আশাবাদী অস্ট্রেলিয়া। যদিও ম্যাচ জয় কঠিন হবে তবে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো পাকাপোক্ত করতে চায় অজিরা।
অন্যদিকে, বিশ্বকাপের অনুশীলন ম্যাচে ছন্দপতন ঘটলেও দ্রুতই নিজেদের ফিরে পেয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে উপমহাদেশের দেশটি। এবারের দল নিয়ে দারুণ আশাবাদী ভারত। তাদের নিজেদের মতেই তারা বেশ ‘ব্যালেন্সড’ টিম পাঠিয়েছে ইংল্যান্ডে। বিরাট কোহলি, রোহিত শর্মারা আছেন ফর্মের তুঙ্গে।
অন্যদিকে, এর আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জসপ্রিত বুমরাহ, চাহাল দারুণ বোলিং করে ভারত শিবিরকে স্বস্তিতে রেখেছেন। তবে মিশেল স্টার্ক, প্যাট কামিন্সদেরকে মোকাবেলা করাও যে খুব একটা সহজ হবে না, এ ব্যাপারেও সতর্ক ভারত। তবে নিজেদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে নিতে চায় উপমহদেশের অন্যতম সেরা দলটি।






