করোনা থেকে মুক্তি চেয়ে মোনাজাতে আমিন আমিন শব্দে মুখরিত
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:২৫,অপরাহ্ন ১৮ মার্চ ২০২০ | সংবাদটি ২৪৯ বার পঠিত
লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা:: বিশ্বজুড়ে মহামারী রুপ নেয়া করোনাভাইরাসের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে বাংলাদেশে। এরই মধ্যে দেশে করোনা আক্রান্ত হয়েছে ১১ জন।
করোনা মোকাবেলায় সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাত করছে মুসল্লিরা। এবার করোনাভাইরাস প্রতিরোধে ‘আল্লাহর কাছে ক্ষমা চেয়ে’ লক্ষ্মীপুরের রায়পুরে লক্ষাধিক মুসল্লির উপস্থিতিতে খতমে শেফা ও বিশেষ মোনাজাত করা হয়েছে।
চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবীরি আল মাদানী মোনাজাত পরিচালনা করেন।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে মাদরাসা, ঈদগাহ প্রাঙ্গণ ও হায়দরগঞ্জ বাজারে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় করোনাভইরাস থেকে মুক্তি পেতে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। আমিন আমিন শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত ইতালি ফেরত একজনসহ এখন পর্যন্ত দেশে মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।






