‘দিল্লির ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়’
প্রকাশিত হয়েছে : ১১:৩৭:৪৫,অপরাহ্ন ০১ মার্চ ২০২০ | সংবাদটি ৩৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন রুখতে দেশব্যাপী যখন চলছে আন্দোলন, সংগ্রাম। ঠিক তখনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বললেন, ‘দিল্লির ঘটনাকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়’।
একই সাথে নাসিম বলেন, ভারতের সঙ্গে আমাদের রক্তের বন্ধুত্ব। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। তাই আমরা মনে করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন ইনশাল্লাহ।
রবিবার (১ মার্চ) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শেখ হাসিনার নির্দেশ, নারী-শিশু নির্যাতনে, রুখে দাঁড়াও বাংলাদেশ’ শীর্ষক এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রণব মুখার্জি ও সোনিয়া গান্ধীসহ অনেক নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি। সারা বিশ্বের নেতারা আসবেন। তখন একটি মহল নয়াদিল্লির ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এখানে ঘোলা পানিতে কোনো মাছ শিকার করা যাবে না। তারা আসবেন ইনশাল্লাহ।
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির বন্ধুদের বলব আপনারা ভুল স্বীকার করে সারা জাতির সঙ্গে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করুন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলে আপনাদের পাপ কিছুটা হলেও বাংলার মানুষ ক্ষমা করতে পারে বলে মন্তব্য করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী।






