বিয়ানীবাজার ছাত্রলীগে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়েও সংঘর্ষ!
প্রকাশিত হয়েছে : ১২:৩২:১০,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৩৬৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও এক হতে পারেনি সিলেটের বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ। অনুষ্ঠান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উপজেলা ছাত্রলীগের বিবাদমান দু’টি গ্রুপ।
শনিবার (৪ জানুয়ারী) দুপুরে শহরের প্রথমনাথ দাস রোডে রিভালবেল্ট ও স্বাধীন গ্রুপের মধ্যে এ সংঘর্ষে আহত হয়েছেন ৭ নেতাকর্মী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের গ্রুপগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে রিভালবেল্ট ও স্বাধীন গ্রুপ নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে বাকবিতন্ডা থেকে সংঘর্ষে জড়ায় তারা। এসময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, আশরাফুল হক, সালাহ উদ্দিনসহ আরো ৩জন ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে বলে দাবি করছে ছাত্রলীগ।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।






