জাবির আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার পর হল বন্ধ ঘোষণা!
প্রকাশিত হয়েছে : ৯:২৮:৫১,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৪১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: উপাচার্যবিরোধী চলমান আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব রহিমা কানিজ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরতদের হামলা চালায় ছাত্রলীগ। জাবি শাখা ছাত্রলীগের বের করা একটি মিছিল থেকে আন্দালনরতদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ২০ জনের বেশি আহত হয়েছেন।
উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে সোমবার সন্ধ্যা থেকে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। যতদিন না উপাচার্যকে অপসারণ করা হবে, ততদিন অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, তখন উপাচার্যপন্থী শিক্ষকেরা সেখানে যান। তাঁরা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।
এর কিছুক্ষণ পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানারবাহী একটি মিছিল সেখানে আসে। মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা হয়।
হামলায় নারী শিক্ষার্থীসহ ২০ জনেরও বেশি আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষকরা ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন। তবে হামলার পর ঘটনাস্থল থেকে শিক্ষার্থীরা সরে গেছেন।






