এরশাদ বেঁচে থাকলে ওদের গুলি করে মারতেন!
প্রকাশিত হয়েছে : ৯:৫৯:২০,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হওয়ার জন্য তার ছোট ছেলে এরিক এরশাদকে নিয়ে দলের মনোনয়ন সংগ্রহ করায় দলীয় নেতাকর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা এরশাদ। তিনি ফেসবুক স্টাটাসে বলেন ‘এরশাদ বেঁচে থাকলে ওদের সবাইকে গুলি করে মারতেন।
জানা গেছে, পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হওয়ার জন্য তার ছোট ছেলে এরিক এরশাদকে নিয়ে দলের মনোনয়ন সংগ্রহ করে। সেই সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।
মঙ্গলবার (২৭ আগস্ট) এরিক এরশাদকে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহের পর এ নিয়ে ফেসবুক পেজে ওই দিনই দুটি পোস্ট দেন বিদিশা। সেখানে তিনি লিখেছেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া দল এখন সার্কাসে পরিণত হয়েছে। দলীয় চেয়ারম্যানের একমাত্র উত্তরসূরী প্রতিবন্ধী সন্তানকেও এখন রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে।’
জাতির কাছে প্রশ্ন রেখে তিনি আরও লিখেন, ‘যারা এই দলের নেতৃত্ব দিচ্ছেন, তাদের বিবেক-বুদ্ধি কি সব লোপ পেয়ে গেছে?’
একইদিন বিদিশা ফেসবুকে আরেকটি স্ট্যাটাসে লিখেন, ‘এরিকের বাবা বেঁচে থাকলে কী করতেন আজ? মনে হয় উনি সবগুলোকে গুলি করতেন। আমি এদের স্পর্ধা দেখে অবাক হই।’
অটিস্টিক এরিককে নিয়ে ইয়াসিরের মনোনয়ন ফরম সংগ্রহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদ গত ১৪ জুলাই মারা যান। এরপর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ১ সেপ্টেম্বর এই আসনে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। উপ নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি।






