রওশন এরশাদের পরামর্শে জাপাকে এগিয়ে নিতে চান জিএম কাদের!
প্রকাশিত হয়েছে : ১:০৯:৪৬,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৩৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রওশন এরশাদের পরামর্শে জাপাকে এগিয়ে নিতে চান পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, জাতীয় পার্টিতে অনৈক্য ও বিভেদের কোনো স্থান নেই। সবাইকে নিয়েই জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে যাবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ এমপির সঙ্গে একান্তে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রবিবার (২১জুলাই) দুপুরে গুলশানে রওশন এরশাদ এমপির বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে দোয়া দেন রওশন এরশাদ এমপি। দুপুরের খাবার খেয়ে তারা দীর্ঘসময় পার্টির বর্তমান কর্মসূচি ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
এসময় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রওশন এরশাদ আমাদের অভিভাবক। তাঁর স্নেহ ও পরামর্শে জাতীয় পার্টিকে আমরা এগিয়ে নিয়ে যাব।
এসময় বেগম রওশন এরশাদের বাসভবনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, যুগ্মমহাসচিব হাসিবুল ইসলাম জয় এবং হুসেইন মুহম্মদ এরশাদের বড় ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ।






