‘বালিশ’ হাতে নিয়ে ঢাকায় চলছে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:২২,অপরাহ্ন ২১ মে ২০১৯ | সংবাদটি ৪১৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আবারও বালিশ হাতে নিয়ে বিক্ষোভ করেছে ‘দেশ বাচাঁও মানুষ বাচাঁও আন্দোলন’ নামে একটি সংগঠন।
মঙ্গলবার (২১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বালিশ হাতে বিক্ষোভ করেন সংগঠনটি।
পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় আসবাবপত্র কেনাকাটা এবং সেগুলোর বহন খরচ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেটির প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’।
সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, “রূপপুর পারমাণবিক প্রকল্পে লুটপাটের যে মহাউৎসব চলছে তার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছি। আমরা মনে করি বাংলাদেশ একটা মগেরমুলুক রাজত্বে পরিণত হয়েছে। তার প্রমাণ রূপপুর পারমাণবিক প্রকল্পে লুটপাট। শাসক দলের নেতৃবৃন্দরা এই দুর্নীতির সঙ্গে জড়িত। দেশের গণমাধ্যমগুলোতে যখন এই দুর্নীতি প্রকাশ করছে এরপরও এই সরকারের টনক নড়ছে না কেন?”
তিনি বলেন, “দুদক (দুর্নীতি দমন কমিশন) সরকার বিরোধী নেতাকর্মীর পেছনে অকারণে ছোটাছুটি করলেও দেশের প্রতিটা সেক্টরে যখন দুর্নীতি মহামারি আকারে ধারণ করেছে, তখন তারা নীরব ভূমিকা পালন করছে। তাদের দ্বিমুখী আচরণের কারণ জাতি জানতে চায়। আসলে শাসক দলের কাছে তাদের হাত-পা বাঁধা বলেই কোনো পদক্ষেপ নিতে পারছে না।”
এসময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ দোষীদের কঠোর শাস্তি দাবি জানান।






