৮৮ দিন পর শপথ নিলেন মোকাব্বির
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:১০,অপরাহ্ন ০২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: একাদ্বশ জাতীয় সংসদের নির্বাচিত এমপিরা শপথ নেয়ার ৮৮ দিন পর শপথ নিলেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ঐক্যফ্রন্টের সঙ্গে মত-দ্বিমতের পর তার নিজ দল গণফোরামের সিদ্ধান্তে শপথ নেন তিনি। এ লক্ষ্যে সোমবার একটি চিঠি পাঠিয়ে তিনি শপথ আয়োজনের অনুরোধ করেন বলে জানান সংসদ সচিবালয়ের সচিব জাফর আহমেদ। তার চিঠির প্রেক্ষিতে মঙ্গলবার সংসদে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে গত ৭ মার্চ শপথ নেন জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হওয়া গণফোরামের আরেক নেতা সুলতান মনসুর। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়ী হন।
৭ মার্চ এমপি হিসেবে শপথ নেয়ার পর সংসদ অধিবেশনেও যোগ দেন সুলতান মনসুর। ওই সময় তার সঙ্গে মোকাব্বির খানেরও শপথ নেয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত দলের সিদ্ধান্তে তিনি শপথ নেবেন না বলে জানান। মোকাব্বিরের দাবি, এবার দলের সিদ্ধান্তেই তিনি শপথ নিয়েছেন।






