`রেড জোন` এলাকায় ধর্ম মন্ত্রণালয়ের জরুরী বিজ্ঞপ্তি!
প্রকাশিত হয়েছে : ৩:৫১:০১,অপরাহ্ন ১৩ জুন ২০২০ | সংবাদটি ৬২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস মহামারীতে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকায় জনসাধারণকে ইবাদত-উপাসনা নিজ নিজ ঘরে পালনের জন্য নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।
শনিবার (১৩ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে রেড ডোন এলাকায় মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে সর্বসাধারণের আগমন বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সর্বোচ্চ পর্যায়ের সবার সঙ্গে পরামর্শক্রমে রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে সাধারণ জনসাধারণের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইবাদত/উপাসনার নির্দেশ প্রদান করা হলো।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলোয় মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ব্যতীত অন্য সব মুসল্লিকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায় এবং জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করতে হবে।
জরুরি ওই বিজ্ঞপ্তিতে আরও কয়েকটি নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনাগুলো হলো:
# রেড জোন এলাকায় মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ পাঁচ ওয়াক্তের নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনধিক ৫ জন এবং জুমার জামাতে অনধিক ১০ জন অংশ নেয়া যাবে। জনস্বার্থে বাইরের কোনো মুসল্লি মসজিদের ভেতরে জামাতে অংশগ্রহণ করতে পারবে না।
# একইসঙ্গে এসব এলাকায় অন্যান্য ধর্মের অনুসারীদের স্ব-স্ব উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করতে হবে।
# এ সময়ে সারা দেশের কোথাও ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, তাবলীগি তালীম বা মিলাদ মাহফিলের আয়োজন করা যাবে না।
# অন্যান্য ধর্মের অনুসারীরা এ সময়ে কোনো ধর্মীয় বা সামাজিক আচার-অনুষ্ঠানের জন্য সমবেত হতে পারবেন না।
# সংশ্লিষ্ট ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে এ সরকারি নির্দেশ লংঘন করা হলে প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।






