মালদ্বীপে খাদ্য, পিপিই ও ওষুধ পাঠালো বাংলাদেশ!
প্রকাশিত হয়েছে : ৫:১৬:৩৩,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মালদ্বীপে ১০০ টনের বেশি খাবার, পিপিই ও ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।
বুধবার (১৫ এপ্রিল) এসব সরঞ্জাম নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ মালদ্বীপের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে বার্তা সংস্থা বাসস জানায়।
কোভিড-১৯ মাহামারির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মালদ্বীপে এ ত্রাণ সহায়তা পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মালেতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই ত্রাণ সহায়তার সমন্বয় করছে।
এরআগে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ নৌবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ওষুধ প্রশাসন অধিদপ্তর, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কর্তৃপক্ষ এবং স্থানীয় কিছু ওষুধ কোম্পানি যৌথভাবে মালদ্বীপের জন্য এই ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য কাজ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন মালদ্বীপের পররাষ্টমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সংহতি প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ করোনাভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় মালদ্বীপের পাশে আছে।
বাংলাদেশ ১৫ মার্চ সার্ক নেতাদের ভিডিও কনফারেন্সে এ অঞ্চলের কোভিড-১৯ মোকাবেলায় ভারত প্রস্তাবিত সার্ক তহবিল গঠনে দেড় মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয়।






