মুজিববর্ষে ‘অহেতুক’ কর্মসূচি না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১:১২:৩১,অপরাহ্ন ০২ মার্চ ২০২০ | সংবাদটি ৪২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘অহেতুক’ বড় বড় বাজেট দিয়ে নতুন কর্মসূচি পালন না করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজেদের বাজেট থেকে মানুষের কাল্যাণ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন কর্মসূচি ঘোষণা করতেও তিনি বলেছেন।
সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান।
বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমরা প্রিসাইসলি বলে দিয়েছি যে, মুজিববর্ষ উপলক্ষ্যে প্রত্যেকটা মন্ত্রণালয় ও বিভাগ তার একটা নোটেবল প্রোগ্রামকে মুজিববর্ষের প্রোগ্রাম হিসেবে ঘোষণা করবে, তার নরমাল বাজেট থেকে।
আনোয়ারুল ইসলাম বলেন, যদি একসেপশনাল কোনো কাজ থাকে তার জন্য এক্সট্রা টাকা চিন্তা করা যেতে পারে। কিন্তু বড় বড় বাজেট দিয়ে নতুন কাজ করার দরকার নেই। কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে প্রোগ্রাম নিতে বলা হয়েছে।
তিনি বলেন, অর্থ বিভাগ মুজিববর্ষ ঘোষণার সাথে সাথে প্রোগ্রাম নিল ডিসেম্বরের মধ্যে ছয় লাখ পেনশনারের বাড়িতে বসে পেনশন দিয়ে দেবে। এই প্রোগ্রামটা তারা মুজিববর্ষের প্রোগ্রাম হিসেবে ঘোষণা করেছে।।






