মন্ত্রিসভায় রদবদল, শ ম রেজাউল গণপূর্ত থেকে মৎস্য মন্ত্রী!
প্রকাশিত হয়েছে : ১১:১৮:৪৭,অপরাহ্ন ১৩ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৭০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বর্তমান সরকারের মেয়াদের ১৩ মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল করা হেয়ছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভায় রদবদলের বিষয়ে আভাস দিয়ে বলেছিলেন, মন্ত্রিপরিষদে সামান্য দপ্তর পূনবণ্টন হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে পাওয়া যাবে।
এতে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর পাল্টানো হলেও এখন পর্যন্ত নতুন কাউকে মন্ত্রীসভায় আনা বা কাউকে বাদ দেয়া হয়নি।
সচিবালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউলকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জয়ের পর গেল বছরের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠিত হয়। পরদিন নতুন মন্ত্রিসভার সদস্যগণ শপথ নেন।
গেল বছরের শেষ দিকে মন্ত্রিসভায় রদবদলের কথা শোনা গেলেও ঢাকা সিটি নির্বাচনের আগে রদবদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।






