বিদেশে কর্মীরা নির্যাতিত হলে এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯:৩৫:৩৫,অপরাহ্ন ১৯ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৫০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী কর্মীসহ অভিবাসী কর্মীরা বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হলে, তার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশিক্ষণ ছাড়া আর কোনো কর্মী বিদেশে যাবে না। বিদেশে যাওয়ার আগে সব কিছু যাচাই-বাছাই করে যাবেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো বাংলাদেশেও গতকাল বুধবার বিভিন্ন আয়োজনে দিনটি পালিত হয়।
বিদেশে যাওয়ার আগে সব কিছু যাচাই-বাছাই করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের গ্রাম-বাংলার মানুষ অনেক সময় দালালের খপ্পরে পড়ে সোনার হরিণের খোঁজে সব কিছু বিক্রি করে বিদেশ চলে যায়। যেহেতু এখন চাকরি থেকে শুরু করে সবকিছু যাচাই-বাছাইয়ের সুযোগ আছে, তাই দালালের খপ্পরে না পড়ে বিদেশ যাওয়ার আগে অবশ্যই যাচাই-বাছাই করে দেখবেন।’
তিনি আরও বলেন, ‘শুধু অর্থ উপার্জনের দিকে দৃষ্টি দিয়ে অযথা কর্মীদের বিদেশে পাঠাবেন না। নারীকর্মীসহ অভিবাসী কর্মীরা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হলে দায়ী রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বিদেশে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট, আমরা ওই দেশকে অনুরোধ করবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’
তিনি বলেন, ‘এখন থেকে বিদেশ যেতে হলে প্রশিক্ষণ নিয়ে যেতে হবে। প্রশিক্ষণ না নিয়ে আর বিদেশে যাওয়া যাবে না। এদিকে আমরা ব্যাপক নজরদারি করছি। এর আগে আমরা লক্ষ্য করেছি, অনেকেই প্রশিক্ষণ না নিয়ে প্রশিক্ষণের কথা বলে বিদেশ যেত। কিন্তু এখন থেকে প্রশিক্ষণ নেওয়া ছাড়া আর যাওয়া যাবে না। প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। এজন্য আমি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে বলব, আরও বেশি গভীরভাবে নজর দিতে, যেন তারা সঠিক প্রশিক্ষণ নিয়ে বিদেশে যায়।’






