সংবাদ সম্মেলন করবেন ক্যাসিনো সম্রাটের ‘মা’!
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:০৭,অপরাহ্ন ১২ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬৩৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জীবন রক্ষার্থে উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন তার মা সায়েরা খাতুন চৌধুরী।
শনিবার (১২ অক্টোবর) সম্রাটের মা সায়েরা খাতুন চৌধুরী গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি জানান।
তিনি জানান, সম্রাটের চিকিৎসা ও মুক্তির দাবিতে রবিবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করবেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সকাল ১১ টায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ইসমাইল হোসেন সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র্যাব। পরে, রাজধানীর কাকরাইলে সম্রাটের কার্যালয় থেকে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, দুইটি ইলেকট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙারুর চামড়া উদ্ধার করা হয়।
এরপর বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, নির্যাতনের মাধ্যমে অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।






