বন্ধুত্বে দেওয়া-নেওয়া সম্পর্ক থাকে : ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ১০:৩২:০৩,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৯৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বন্ধুত্বে দেওয়া-নেওয়া সম্পর্ক থাকে, তবে ভারতকে সব দিয়ে ফেলেছি, বিষয়টা এমন নয় জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে বিএনপির সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কিছু পেতে হলে কিছু দিতে হয়। দেওয়া-নেওয়া সম্পর্ক বন্ধুত্বে থাকে। সব দিয়ে ফেলেছি, বিষয়টা এমন নয়। আমাদের পাওয়ার বিষয়টা অনেক বেশি। সীমান্ত সমস্যার সমাধান আমরাই করেছি। যারা অভিযোগ করে, তারা তা করতে পারেনি। ৬৮ বছর পর এ সমস্যার সমাধান হয়েছে। পৃথিবীর কোনো দেশে ছিটমহল সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান হয়নি। সমুদ্রসীমার ব্যাপারে ভারত আপিল করতে পারত, তারা তা করেনি। সম্পর্ক ভালো থাকলে অনেক কিছুই পাওয়া যায়। বৈরিতা করে কিছু পাওয়া যায় না।’
কাদের বলেন, ‘গঙ্গা চুক্তি শেখ হাসিনার আমলে হয়েছে। তিস্তা চুক্তিও এই সরকারের আমলেই হবে। ভারত সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই।’
প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি আড়াল করতে সম্রাটকে গ্রেপ্তার করা হয়েছে—বিএনপির এমন দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এটা হাস্যকর মনে হয় না? দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের সম্পর্ক কী? গ্রেপ্তারে কেন বিলম্ব হয়েছে, সেটা র্যাবের ডিজি ব্যাখ্যা দিয়েছেন। বাংলাদেশে শেষ পর্যন্ত কেউ রেহাই পায় না। পালিয়ে থাকার মতো অবস্থা সৃষ্টি করা যায়, তবে সেটি ফলপ্রসূ হয় না, একপর্যায়ে ধরা পড়বেই। সম্রাট ভারতে যাওয়ার চেষ্টা করেছিল, তাই সীমান্তের কাছাকাছি একটি বাড়িতে লুকিয়ে ছিল।’
দুর্নীতিবিরোধী অভিযান চলবে জানিয়ে কাদের বলেন, ’১৫ দিনেই কি সব কমপ্লিট করব? আরও অনেক কিছুই দেখার আছে। কাদের বিরুদ্ধে অভিযান চলছে, কেন চলছে, প্রধানমন্ত্রী নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। এখানে কোনো লুকোচুরির কিছু নেই। আমরা যা বলছি, মুখে বলছি না, অ্যাকশনে প্রমাণ করেছি। যারা কালপ্রিট, করাপশন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় কোনো সংকোচ নেই।’






