ইসি ভবনে পরিচিতরা গেলে সবুজ, অপরিচিতরা গেলে লাল রেখা জ্বলবে!
প্রকাশিত হয়েছে : ৯:৪৬:১৯,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ২১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নির্বাচন কমিশনে (ইসি) এখন থেকে কোনো ব্যক্তি গেলে বিশেষ একটি যন্ত্র সেই ব্যক্তির চেহারা শনাক্ত করবে। ওই ব্যক্তি ইসি সচিবালয়ের নিজস্ব কর্মকর্তা হলে তার মুখমন্ডলজুড়ে বর্গাকৃতির সবুজ রেখা জ্বলে উঠবে। আর বহিরাগত হলে জ্বলবে লাল রঙের রেখা।
রবিবার (৬ অক্টোবর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম পরীক্ষামূলকভাবে যন্ত্রটি চালু করেন।
সাইদুল ইসলাম বলেন, এই যন্ত্র বসানোর পর প্রতিদিন ইসি ও ইটিআই ভবনে কে প্রবেশ করলেন বা বের হলেন, তা জানা যাবে।
তিনি আরও জানান, ইসির নিজস্ব কর্মকর্তা-কর্মচারী ছাড়াও গণমাধ্যমকর্মীসহ অন্য যারা নিয়মিত ইসিতে দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রেও চেহারা শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবুজ রেখা জ্বলে উঠবে। আর যে ব্যক্তির মুখমন্ডলে লাল রেখা জ্বলে উঠবে, মেশিন সেই ব্যক্তি সম্পর্কে নিয়ন্ত্রণকক্ষকে সতর্ক করবে।
এনআইডি বিভাগের বিশেষজ্ঞ কর্মকর্তারা জানান, নির্বাচন ভবন ও ইটিআই ভবনের জাতীয় পরিচয়পত্রের সার্ভারসহ স্পর্শকাতর সব জায়গায় এই যন্ত্রটি বসানো হবে। এ ছাড়া নির্বাচন ভবন ও ইটিআই ভবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমেও কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের গতিবিধি লক্ষ করা হচ্ছে।
এনআইডি অনুবিভাগ সূত্র জানায়, বর্তমানে জাতীয় পরিচয়পত্রের সার্ভার স্টেশন সংস্কারের কাজ চলছে। এই সার্ভারের ধারণক্ষমতা ৫০ টেরাবাইট। এর মধ্যে ১০ কোটি ৪২ লাখের বেশি ভোটারের তথ্য ধারণ করতে ব্যয় হয়েছে ৪৫ টেরাবাইট। সে কারণ দীর্ঘদিন ধরে সার্ভার স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ সমস্যা কাটানোর জন্য ইসি আরও ১০০ টেরাবাইট ধারণক্ষমতার সার্ভার বসানো কাজ শুরু করেছে। অল্প কিছুদিনের মধ্যে নতুন সার্ভার স্টেশন বসানোর কাজ শেষ হবে।






