মিন্নি অসুস্থ তাকে রিমান্ডে দিবেন না!
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:০১,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯ | সংবাদটি ১৪৩৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আমার মেয়ে আয়েশা সিদ্দিকা মিন্নি খুব অসুস্থ। যদি তাকে রিমান্ডে নেয়া হয় তাহলে সে আরো অসুস্থ হয়ে পড়বে। বাবা মোজাম্মেল হক কিশোর মেয়ের অসুস্থতার কাগজপত্র নিয়ে আদালতে হাজির হয়েও বরগুনার আলোচিত রিফাত শরিফ হত্যার অন্যতম আসামী মিন্নির রিমান্ড ফেরাতে পারেননি। মিন্নি অসুস্থ বলে তিনি জামিনও চেয়েছিলেন, তবে তা নামঞ্জুর করা হয়।
বরগুনা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বারান্ধায় বসে সাংবাদিকদের এসব কথা বলেন মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর।
এর আগে বুধবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে বরগুনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিন্নিকে হাজির করে পুলিশ ৭দিনের রিমান্ড চায়। বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আলোচিত এই মামলায় মঙ্গলবার রাতে মিন্নিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এর আগে দিনভর তাকে পুলিশ লাইনসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, দিনভর জিজ্ঞাসাবাদে ও অন্যান্য সোর্স থেকে পাওয়া তথ্য-উপাত্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে মিন্নির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। তাই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।






