বোমা বানাতে গিয়ে বিষ্ফোরণে একজন আহত!
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:১২,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আবদুল হাকিম। সে উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত আবুবকর মণ্ডলের ছেলে। সকাল সাড়ে ৯টার দিকে আবদুল হামিকের বসতঘরের মধ্যে বোমা বিস্ফোরণের বিকট শব্দ হয়। বিস্ফোরিত বোমায় ওই ঘরের টিনের শেডের চালা উড়ে যায়। পরে স্থানীয়রা ঘরের মধ্যে থেকে গুরুতর আহতাবস্থায় আব্দুল হাকিমকে উদ্ধার করেন।
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবদুল হাকিমকে উদ্ধার করে পাঠানো হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট এহসানুল হক তন্ময় জানান, বিস্ফোরিত বোমার আঘাতে হাকিমের মাথা ও বাম পায়ে মারাত্মক জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কজনক।
উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী বা ঢাকাতে রেফাডের পরামর্শ দেয়া হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘরের মধ্যে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আবদুল হাকিম গুরুতর আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, জখম আবদুল হাকিমের নামে থানায় একটি মামলা আছে। এ ছাড়া হাকিম বেশ কিছু দিন ঘরে নিজে বোমা বানিয়ে সন্ত্রাসীদের সরবরাহ করতেন বলে তথ্য পাওয়া গেছে।
বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। একই সঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।






