পুলিশ লাইন্সের দেয়ালেও নয়ন বন্ডের ‘০০৭’!
প্রকাশিত হয়েছে : ১:৫১:৩১,অপরাহ্ন ০৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরগুনায় গত ২৬ জুন পরিকল্পিত ভাবে স্ত্রীর সামনে স্বামী রিফাতকে কপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও তাঁর ‘০০৭’ গ্রুপের সদস্যরা। হত্যার আগে ‘০০৭’ ম্যাসেঞ্জার গ্রুপটিতে হত্যার নির্দেশ দিয়েছিলেন নয়ন। তবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইতিমধ্যেই নিহত হয়েছে নয়ন। মামলার মোট ১২ জন আসামির মধ্যে পুলিশ গ্রেফতার করেছে ৩ জনকে।
গত দুদিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ইংরেজিতে ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। কোনো কোনো দেয়ালে মানুষের হাসির দুটি ইমো দিয়ে শেষে ইংরেজিতে ‘৭’ লেখা হয়েছে। শহরের কমলাপুর এলাকাসহ বিশেষ করে পুলিশ লাইন্সের আশপাশের দেয়ালেও ‘০০৭’ লেখা দেখা যায়। এমনকি পুলিশ লাইন্সের দেয়ালেও ‘০০৭’ লেখা রয়েছে।
এই ব্যাপারে স্থানীয়রা জানায়, দুদিন ধরে হঠাৎ করে বিভিন্ন দেয়ালে ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে দেয়ালগুলোতে ‘০০৭’ লিখেছে এ ব্যাপারে কেউ কোনো সঠিক ধারণা দিতে পারছে না। তবে অনেকেই ধারণা করছেন, বরগুনার আলোচিত হত্যাকাণ্ডের ঘটনার পর ‘০০৭’ নামে ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপের নাম ছড়িয়ে পড়ায় স্কুল-কলেজ কিংবা স্থানীয় কিছু বখাটে দেয়ালগুলোতে ‘০০৭’ লিখেছে।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, কে বা কারা এসব লিখেছে এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি আমাদের নজরে আসেনি। বিষয়টি তদন্ত করে দেখব।






