গুরুত্বহীন ম্যাচে ক্রিকেটের ‘রাজপুত্র’র রেকর্ড ভাঙতে চান গেইল!
প্রকাশিত হয়েছে : ১০:২৪:০০,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৯ | সংবাদটি ৪২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানও বেশ কয়েকটি ম্যাচ জেতার মতো অবস্থা তৈরি করেছিল। কিন্তু অভিজ্ঞতার অভাবে জয় হাতছাড়া হয়েছে তাদের। তাই তারাও চাইবে অন্তত শেষ ভালো করে দেশে ফিরতে। বিশ্বকাপের প্রথম জয় তুলে নিতে বদ্ধপরিকর তারা।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৩.৩০ মিনিটে। দু’দলই আরও আগে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় শুধুমাত্র নিয়ম রক্ষার্থে মাঠে নামতে যাচ্ছে তারা। ইতোমধ্যে টস হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
এই ম্যাচে ক্যারিবীয় ক্রিকেটের ‘রাজপুত্র’ ব্রায়ান লারার রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ক্রিকেটে ২৯৫ ম্যাচে ব্রায়ান লারার রান ছিল ১০,৩৪৮। সেঞ্চুরি ১৯টি। গড় ৮০.৯। সেখানে এখনও পর্যন্ত ২৯৪ ম্যাচ খেলে গেইলের রান ১০,৩৩১। সেঞ্চুরি করেছেন ২৫টি। গড় ৩৮.২৬। পূর্বসূরির কীর্তি ম্লান করতে গেইলের প্রয়োজন মাত্র ১৮ রানের।
বিশ্বকাপে লারার ১২২৫ রানকে টপকে যেতে হলে গেইলের প্রয়োজন মাত্র ৪৭ রান। ফলে জীবনের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচে গেইল কী করেন তাই দেখার অপেক্ষা।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গেইলকে নিয়ে নতুনভাবে কিছু বলার দরকার পড়ে না। শুরুতেই নিজের ছন্দ পেয়ে গেলে গেইলকে কেউ রুখতে পারবে না। শেষ ম্যাচে ওর থেকে আমরা একটা বিধ্বংসী ইনিংস আশা করছি। মনে হয়, ও নিজেও একটা স্মরণীয় ইনিংস উপহার দেওয়ার জন্য তৈরি হচ্ছে।’ তিনি যোগ করেছেন,‘ আমরাও শেষ ম্যাচ জিতে সুন্দর একটা স্মৃতি নিয়ে দেশে ফিরতে চাইছি। দেশের মানুষের মুখে সেই হাসি ফিরিয়ে আনতে হবে।’
গেইলকে আটকানোর পরিকল্পনা করেছে আফগানিস্তানও। দলটির অধিনায়ক গুলবাদিন নাইব বলেন, ‘গেইলকে শান্ত রাখার চেষ্টা অবশ্যই করবে। শুরু থেকে ওকে নিষ্ক্রিয় রাখতে হবে। জানি কাজটা আদৌ সহজ হবে না। তবে আমরাও একটা ম্যাচ জিতে এই বিশ্বকাপ অভিযান শেষ করতে চাই। ’






