সাবেক এমপি রানার জামিন স্থগিত!
প্রকাশিত হয়েছে : ২:১৫:১২,অপরাহ্ন ২০ জুন ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট।
বৃহস্পতিবার এ আদেশ দেন আদালত। বুধবার দেয়া হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১ জুলাই পর্যন্ত রানার জামিন স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারাপতি মো. নূরুজ্জামান।
আদেশের পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, আগামী ১ জুলাই পর্যন্ত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার কোর্ট। একইসঙ্গে ১ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠানো হয়েছে।
রানার জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার তাকে জামিন দিয়ে রায় দেন।
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের নেতা শামীম ও মামুন ২০১২ সালের ১৬ জুলাই তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে করে টাঙ্গাইল শহরে এসে নিখোঁজ হন। পরদিন শামীমের মা আছিয়া খাতুন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এক বছর পর ২০১৩ সালের ৯ জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা করেন। পরে তদন্ত করে পুলিশ ওই বছর ২১ সেপ্টেম্বর মামলাটি তালিকাভুক্ত করে। ওই মামলায় গ্রেপ্তার হওয়া শহরের বিশ্বাস বেতকা এলাকার খন্দকার জাহিদ, শাহাদত হোসেন ও হিরণ মিয়া হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
জবানবন্দিতে তারা সাংসদ আমানুরের দিক নির্দেশনায় যুবলীগ নেতা শামীম ও মামুনকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করেন।
আমানুর রহমান খান রানা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলারও আসামি। এই মামলায় গত ১ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রানার জামিন বহাল রাখেন।






