সাগর থেকে ফের ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৩৪,অপরাহ্ন ২৪ মে ২০১৯ | সংবাদটি ৫৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভূমধ্যসাগরে ডুবে প্রাণ হারানো ৩৭ বাংলাদেশির স্বজনের চোখ এখনও জ্বলে ভেজা। সেই ঘটনার মধ্যেই ফের ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।
শুক্রবার (২৪ মে) লিবিয়ার নৌবাহিনীর বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট বিষয়টি জানিয়েছে। ইউরোপের উদ্দেশে রওনা হওয়া তিনটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।
দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, বৃহস্পতিবার (২৩ মে) একটি জার্মানি দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে জানায়- সাগরে তিনটি নৌকা অকেজো হয়ে ভাসছে। এতে অনেক যাত্রী রয়েছেন। ভূমধ্যসাগরে ভাসতে থাকা একটি নৌকাটিতে ৮৭ অভিবাসী ছিলেন। এদের ছয়জন নারী ও এক শিশু। আরও দুটি রাবারের নৌকা থেকে ২০৩ অভিবাসীকে উদ্ধার করেছে লিবীয় কোস্ট গার্ড।
তিনটি নৌকা থেকে উদ্ধার হওয়া অধিকাংশ নাগরিকই আফ্রিকান ও আরব দেশের। এদের মাঝে ১৪ জন বাংলাদেশি। উদ্ধারের পর সবাইকে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে তাদের মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
সম্প্রতি ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে মারা যান ৩৭ বাংলাদেশি। ঘণ্টার পর ঘণ্টা সাগরে ভেসে প্রাণে বাঁচেন ১৫ জন।
গত মঙ্গলবার (২১ মে) ভোরে তিউনিশিয়া থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে ফেরেন তারা। সেই ঘটনায় এখনও নিখোঁজ ৩৯ জন।






