‘সিলেটের তামিম ছিল নব্য জেএমবির প্রধান’
প্রকাশিত হয়েছে : ৪:৩৬:০৫,অপরাহ্ন ১০ অক্টোবর ২০১৬ | সংবাদটি ৬৭৪ বার পঠিত
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, তামিম চৌধুরীই ছিল বাংলাদেশে নব্য জেএমবির প্রধান। তিনি নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মারা গেছেন। এ ছাড়া সারা দেশে জঙ্গিবিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন আইজিপি।
তামিম চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর থানার তীর্থস্থান লাঙ্গলবন্দের রাজঘাটে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইজিপি। এর আগে দুপুরে সোনারগাঁও উপজেলার ভাটি বন্দর গ্রামে পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেন শহিদুল হক।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকরা আইজিপিকে নানা প্রশ্ন করেন। এ সময় জঙ্গিদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে কি না এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘রাজনৈতিক সম্পৃক্ততা তো দেখি না। আমরা দেখি জঙ্গিরা নিজেরাই সেলফ মোটিভেটেড। তারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ওয়েবসাইট এগুলি যে ধরনের প্রচারণা করে, অপপ্রচার- ধর্মের নামে বিকৃত ব্যাখ্যা, খণ্ডিত ব্যাখ্যা – ওগুলো দ্বারাই ম্যাক্সিমাম তাঁরা উদ্বুদ্ধ হয়েছে।’
অপর এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, ‘বাংলাদেশে প্রধান কে বলতে পারব না। তবে তামিম চৌধুরী, আমাদের জানামতে তামিম চৌধুরীই ছিল নব্য জেএমবির প্রধান। সে নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে মারা গেছে।’






