শমশেরনগরে এক নার্স করোনা আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ১১:২৭:১৩,অপরাহ্ন ১৪ মে ২০২০ | সংবাদটি ৫১৪ বার পঠিত
এস এ চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে লাকী রাণী (৩০) নামীয় এক নার্স’র (স্বাস্থ্য সেবিকা) শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
বুধবার (১৩ মে) শমশেরনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজবাগ (ঢাকাইয়াপট্টি) এলাকার বাসিন্দা ও মৌলভীবাজার সদর হাসপাতালে কর্মরত নার্স (স্বাস্থ্য সেবিকা) লাকী রাণীর করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। এই খবর জানার পর তার স্বামী তরুন কর্মকার প্রথমেই শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদকে ফোনে অবহিত করেন। পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশেকূল হক মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় থেকে দাপ্তরিকভাবে উক্ত বিষয়টি অবগত হয়ে সংংশ্লিষ্ট মেডিকেল টীম, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ রাত পৌনে বারোটায় এসে করোনা শনাক্ত’র স্বামীর সাথে কথাবার্তা বলেন। অতপর তরুন কর্মকারের বাসা ও পাশ্ববর্তী তার বড় ভাই অরুন কমর্কারের বাসা লকডাউন করেন।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো: আজিজুর রহমান চৌধুরী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী, সাংবাদিক এস এ চৌধুরী জয়, সাংবাদিক আলমগীর হোসাইন ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।
অন্যদিকে, তরুন কর্মকারের ভাষ্যমতে বাগান সড়কের সেলুন ব্যবসায়ি নৃপেন্দ্র চন্দ’র মালিকানাধীন নিলয় হেয়ার কাটার লকডাউন করা হয় এবং নৃপেন্দ্রসহ তার কর্মচারীদের ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও আশেকূল হক।
পাশাপাশি লকডাউন পরিবার ও হোমকোয়ারেন্টাইনে থাকাদের খাবারের ও বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করে হ্যান্ড মাইকে সতর্কতামূলক প্রচার করেন চেয়ারম্যান জুয়েল আহমদ ও পুলিশ ফাঁড়ীর ইনচার্জ অরুপ কুমার চৌধুরী।
ইউএনও আশেকূল হক ও শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।






