টিভিতে ‘তারাবীহ’ বন্ধের আহবান সমমানা ইসলামী দলের
প্রকাশিত হয়েছে : ৭:২১:১৩,অপরাহ্ন ২৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৭২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনায় লকডাউনে থাকা মুসলমানদের পবিত্র রমজান মাসে তারাবীহ নামাজ ঘরে থেকে পড়ার জন্য ‘বিজয় টিভি’ লাইভ নামাজ সম্প্রচার বন্ধের আহবান জানিয়েছে সমমানা ইসলামী দল।
বুধবার (২৯ এপ্রিল) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক বিবৃতিতে তারা নিন্দা জানিয়ে তা বন্ধের আহবান জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, বিজয় টিভি নামের একটি চ্যানেল টেলিভিশন লাইভে তারাবির ইমামতি সম্প্রচারের নামে ইসলামের বিধান নিয়ে রীতিমতো তামাশা শুরু করছে। আমরা বিজয় টিভির তারাবি’র জামাত নিয়ে ধৃষ্টতাপূর্ণ উদ্যোগের তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এই সম্প্রচার বন্ধের দাবি জানাচ্ছি।
জমিয়ত মহাসচিব আরো বলেন, বিজয় টিভি কর্তৃপক্ষ একজনকে তারাবির নামাজের ইমাম বানিয়ে টেলিভিশনে সম্প্রচার করে সাধারণ মানুষকে টেলিভিশন সেটের পেছনে ইক্বেতেদা করতে আহবান জানাচ্ছে। এটা উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমে কোন অবস্থাতেই বৈধ জামাত তো নয়ই, বরং শরীয়তের দৃষ্টিতে এমন উদ্যোগ শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
আল্লামা কাসেমী বলেন, ইসলামের বিধান মতে জামায়াতবদ্ধ বিশুদ্ধ নামাযের জন্য ইমামকে স্বশরীরে জামায়াতস্থলে উপস্থিত থাকতে হবে। ইমামের অবস্থান মুসল্লীদের সম্মুখভাগে হতে হবে। মুসল্লীদেরকে ইমামের পশ্চাতে দাঁড়াতে হবে এবং এক কাতারের সাথে আরেক কাতারের সম্পৃক্ততা থাকতে হবে। এর বিপরীত হলে জামায়াত বিশুদ্ধ হবে না এবং নামায বাতিল হয়ে যাবে।
জমিয়ত মহাসচিব বলেন, বিজয় টিভির এই তারাবির জামাত সম্প্রচার বন্ধ করে পবিত্র ইসলামের বিকৃতির অপরাধে টিভি কর্তৃপক্ষকে বিচারের আওতায় আনতে হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আজকের মধ্যে বিজয় টিভির তারাবিহ সম্প্রচার বন্ধ করা না হলে লকডাউন ভেঙে বিজয় টিভির অফিস ঘেরাও করা হবে। এছাড়া বিজয় টিভির তারাবিহ সম্প্রচার বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানিয়ে বলা হয়েছে, ইসলামের বিধান নিয়ে এই তামাশা বন্ধ করে এই ভুলের জন্য বিজয় টিভি কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে। এছাড়াও দলটির পক্ষ থেকে সরকারি স্বাস্থ্য নীতি মেনে মসজিদ খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।






