নায়ক হেলাল খানের পিতা মারা গেলেন
প্রকাশিত হয়েছে : ১১:০০:৫৩,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ১৫৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশের ‘হাছন রাজা’ খ্যাত নায়ক সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা হেলাল খানের পিতা মাওলানা আব্দুন নূর খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১ টায় (নিউইয়র্ক সময় গত রাত ১.৩০ টায়) আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
গত কয়েকদিন আগে, নায়ক হেলাল খান সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, তার পিতা, ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত। তাঁর বাবাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিলো। সেখানেই চিকিৎসাধিন তিনি মারা যান।
অন্যদিকে হেলাল খানের ছোট ভাই ও ভাইয়ের স্ত্রী বর্তমানে সুস্থতার পথে। সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নায়ক নিজেই এসব কথা জানান।
বর্তমানে নায়ক হেলাল খান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
হেলাল খান ফেসবুকে লেখেছিলেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিরও করোনা। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’
এদিকে, নায়ক হেলাল খানের পিতা মাওলানা আব্দুর নুর খান সিলেটের উলামায়ে কেরাম সহ সর্ব মহলে একজন সচেতন ও বিজ্ঞ আলেম হিসেবে পরিচিত ছিলেন।






