ভাইরাল অডিও নিয়ে যা বললেন মাওলানা মাহফুজুল হক!
প্রকাশিত হয়েছে : ২:৩৩:৪৫,অপরাহ্ন ২১ এপ্রিল ২০২০ | সংবাদটি ১১১৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাফিজ মাওলানা যোবায়ের আনসারীর জানাজায় মানুষের ঢল পূর্ব পরিকল্পিত— এমন একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। তবে ভাইরাল হওয়া অডিওটি ভুয়া এবং ষড়যন্ত্রের অংশ বলে দাবি করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে অডিও প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, সেদিনের জনসমাগম অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে তাঁরা প্রশাসনকে জানিয়েছেন। অডিও ক্লিপ যারা প্রচার করেছে, তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নইলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
এর আগে ফেসবুকে ইথিকাল হ্যাকিং নামের একটি পেজে অডিওটি প্রকাশ করা হয়। পোস্টে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি যুক্ত করা হয়েছে ।
অডিওতে মাওলানা মাহফুজুল হক হিসেবে যাঁকে উপস্থাপন করা হয়েছে তাঁকে বলতে শোনা যায়, যোবায়ের আহমেদ আনসারীর জানাজা সম্পর্কে সবাইকে বলে দেওয়া হয়েছে, ভালো মানুষের জমায়েত হবে। তবে পথে প্রচুর পুলিশ।
অন্যদিকে জামায়াতের আমির শফিকুর রহমান হিসেবে যাঁকে উপস্থাপন করা হয়েছে তাঁকে বলতে শোনা গেছে, ‘লকডাউন’ কে পাত্তা দেওয়া যাবে না। প্রচুর লোকের সমাগম ঘটাতে হবে। সরকারকে বেকায়দায় ফেলতে হবে। প্রচুর লোকজন হলে পুলিশ কিছু করতে পারবে না। কারণ ফাঁড়িতে যথেষ্ট পুলিশ থাকে না। ফজলুল হক আমিনীর বড় ছেলের সঙ্গে কথা হয়েছে, তাঁরাও লোক পাঠাবেন, জামায়াতের লোকও থাকবে। এ সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অবহিত আছেন।
এ বিষেয়ে ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সাইবার নিরাপত্তার এক কর্মকর্ত বলেন, তাঁরা টেলিসংলাপটি শুনেছেন। ‘বানানো’ বলে মনে হয়েছে। আনুষ্ঠানিকভাবে তদন্তের নির্দেশ পেলে খতিয়ে দেখবেন।






