জানাযা পড়ালেন ইউএনও, দাফন করলেন পুলিশ!
প্রকাশিত হয়েছে : ৪:৪৪:৩৭,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৭৪১ বার পঠিত
ঝিনাইদহ থেকে সংবাদদাতা:: সারা দেশে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসের আতঙ্ক। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ হয়ে পড়েছেন অসহায় ও দিশেহারা। দেশের বিভিন্ন জায়গায় প্রাণঘাতি করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ।
তেমনি ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া একটি লাশের দাফনে এলাকার কেউ এগিয়ে না আসায় তা সম্পন্ন করেছে পুলিশ।
আর মৃতের জানাযায় মসজিদের ইমাম ও কোন আলেম না থাকায় জানাজা পড়ান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, খাজুরা গ্রামের ওই ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে শনিবার বিকেলে গ্রামের বাড়িতে মরদেহ আনার পর দাফন কাজে এগিয়ে আসেনি এলাকাবাসীসহ পরিবারের সদস্যরা।
সংবাদ পেয়ে ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশে তার দাফন কাজে এগিয়ে যান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ অন্য পুলিশ সদস্যরা। সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ। জানাজা শেষে নিজেরাই মরদেহের খাটিয়া বহন করে কবরস্থানে নিয়ে দাফন কার্য সম্পন্ন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বদরুদ্দোজা শুভ জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করার কারণে স্থানীয় লোকজন কেউ-ই ছিল না। তাই মানবিকতার জায়গা থেকেই জানাজার নামাজ পড়িয়েছি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সব মানুষের বিপদেই আমরা পুলিশ সদস্যরা পাশে আছি। তারই একটি অংশ গতকালের দাফন কার্য। যত কঠিন পরিস্থিতিই আসুক না কেন আমরা মানুষের পাশেই থাকবো।






