মাশরাফির উত্তরসূরি তামিম ইকবাল!
প্রকাশিত হয়েছে : ১:৫৯:২৯,অপরাহ্ন ০৮ মার্চ ২০২০ | সংবাদটি ৫৫২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ওডিআই অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে বেছে নিয়েছে বিসিবি।
রবিবার (৮ মার্চ) বোর্ড সভা শেষে এই ঘোষণা দেয় বিসিবি।
দেশের ইতিহাসে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তামিম এখন ওডিআইতে নেতৃত্ব দেবেন টাইগারদের।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার (৬ মার্চ) সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন অধিনায়ক হিসেবে নিজের শেষ ম্যাচ। এরপরই নেতৃত্বের জন্য নতুন মুখ খুঁজতে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে পাওয়া গেল মাশরাফির উত্তরসূরি।
আগামী এপ্রিলে পাকিস্তান সফরে একটি ওয়ানডে ম্যাচ রয়েছে বাংলাদেশ দলের। এই ম্যাচ দিয়েই পূর্ণাঙ্গ মেয়াদে শুরু হবে তামিমের অধিনায়কত্ব। তবে, এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসাবে টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে তামিমের।
মাশরাফি বিন মর্তুজা ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদের অধিনায়কের দায়িত্ব নেয়ার পর তার অধীনে ৮৮টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ জয় পায় ৫০ ম্যাচে।
বর্তমানে টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন মুমিনুল হক। আর টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন করায় গত অক্টোবরে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা হলো স্থগিত নিষেধাজ্ঞা। শাস্তি পাওয়ার আগে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের অধিনায়ক ছিলেন সাকিব।
২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। ওই ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে হেরেছিল। অন্যদিকে, গত বছর বিশ্বকাপের পরপরই শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ। ওই সফরে তামিমের অধিনায়কত্বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।






