রাজাকারের তালিকা তৈরির দায়িত্ব পাচ্ছেন ‘ইউএনও’!
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:১৫,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বহু প্রতিক্ষিত রাজাকারের তালিকা এবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে তৈরি করা হবে বলে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ লক্ষ্যে জেলা প্রশাসকদের কাছে চিঠি প্রেরণের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে বলেও তিনি সংসদকে জানিয়েছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য অসীম কুমার উকিলের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এসব কথা জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
সাংসদ অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গতবছর ২৮ আগস্ট জেলা প্রশাসকদের বরাবর রাজাকারের তালিকা সংগ্রহের জন্য পত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ জন জেলা প্রশাসক মাত্র ৩৯৯ জনের একটি আংশিক তালিকা পাঠান।
‘রাজাকারদের পূর্ণাঙ্গ নামের তালিকা সংগ্রহ করার জন্য যুদ্ধকালীন কমান্ডারসহ প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে রাজাকারের তালিকা সংগ্রহ করার নির্দেশ দেওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকদের বরাবর পুনরায় পত্র পাঠানোর কার্যক্রম চলমান।’
প্রসঙ্গত, স্বাধীনতার ৪৮ বছর পর গত ১৫ ডিসেম্বর প্রথমবারের মতো ১০ হাজার ৭৮৯ জন রাজাকারসহ ‘স্বাধীনতাবিরোধীদের নামের তালিকা’ প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু ওই তালিকায় জাতীয় বা স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচিত অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা এবং সংগঠকের নামও পাওয়া যায়, যাদের অনেকে আবার নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে আসছেন। এতে দেশের বিভিন্ন স্থানে প্রকাশিত তালিকা নিয়ে ক্ষোভ দেখা দেয়। এমন প্রেক্ষাপটে ১৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে রাজাকারের তালিকা সরিয়ে ফেলা হয়।
গত ১৮ ডিসেম্বর ভুলেভরা রাজাকারের তালিকা প্রত্যাহারের দিনই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ তালিকা প্রকাশের প্রচেষ্টা থাকবে। তালিকা প্রত্যাহারের পর একাধিক অনুষ্ঠানেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, যাচাই-বাছাই করে ২৬ মার্চের মধ্যে রাজাকার তালিকা প্রকাশ করা হবে। (প.প)






