প্রবাসী লেখক ও সাংবাদিক ইসহাক কাজল অসুস্থ, দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ১:২২:৩৮,অপরাহ্ন ০৯ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরেণ্য সাংবাদিক, বাংলা একাডেমী প্রবাসী পুরস্কারপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ইসহাক কাজল আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় লন্ডনের বাঙ্গালী কমিউনিটি ও দেশে ইসহাক কাজলের স্বজন-সহকর্মী, শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।
বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে দ্রুত আরোগ্য কামনায় দেশ-বিদেশে সকলের দোয়া চেয়েছেন।
বর্ষীয়ান সাংবাদিক, মুক্তিযুদ্ধের লেখক ইসহাক কাজল দেশে-প্রবাসে সমধিক পরিচিত একজন সংগ্রামী রাজনীতিবিদ হিসেবে। বৃহত্তর সিলেটে চা-শ্রমিকদের নায্য দাবি দাওয়া আদায়ের আন্দোলনের পুরোভাগে থেকে নেতৃত্ব দেন এ রাজনীতিবিদ। জীবনভর শ্রমজীবি মানুষের পাশে থাকায় ব্যাপৃত ইসহাক কাজল মৌলভীবাজারসহ দক্ষিন সিলেটের মানুষের আস্থা ও ভালবাসার নন্দিত সন্তানে পরিনত হন তাঁর কর্মময়তার পরিক্রমায়।
ষাটের দশক থেকে তিনি সাংবাদিকতার পাশাপাশি সক্রিয়ভাবে গনমানুষের কল্যানের রাজনীতিতে নিজেকে ব্যাপৃত রেখেছেন। বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সিলেট জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক, জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি,বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা শাখার প্রতিষ্টাতা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন ইসহাক কাজল। এবারের বইমেলায় সর্বশেষ প্রকাশিত হয় তারঁ গ্রন্থ বাংলাদেশের তেল-গ্যাস-খনিজসম্পদ বিদেশী আগ্রাসন। তাঁর প্রকাশিত ১২টি গ্রস্থ দেশ-বিদেশে পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।






