মহানবী (সা.) কে কটূক্তি, বয়াতির জামিন নামঞ্জুর
প্রকাশিত হয়েছে : ৪:১৭:২০,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৭৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া শরিয়ত বয়াতির জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক তানভীর আহমেদ।
আসামি পক্ষের আইনজীবী জিনিয়া বক্স বলেন, এ মামলায় আগামী ১২ ফেব্রুয়ারি জামিন শুনানির তারিখ নির্ধারণ ছিল। পরে আমরা তার আগাম জামিনের জন্য আবেদন করি। পরে বুধবার জামিন শুনানি হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করেন। তার জামিনের বিষয়ে উচ্চ আদালতে যাওয়া হবে।
শরিয়ত বয়াতি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পবন মিয়ার ছেলে। গত ৯ জানুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনে মির্জাপুর থানায় শরিয়ত বয়াতির বিরুদ্ধে মামলা দায়ের করেন একই উপজেলার আগধল্যা দারুসসুন্নাহ ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. ফরিদুল ইসলাম।
এজাহারে অভিযোগ করা হয়, শরিয়ত বয়াতি ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানার রোহারটেক এলাকায় পালাগানের একটি অনুষ্ঠানে মহানবী (সা.), মসজিদের ইমাম ও ইসলামের নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। পরে ১১ জানুয়ারি ভোরে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাশিল এলাকা থেকে শরিয়ত বয়াতিকে গ্রেপ্তার করা হয়। ওইদিন পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। পরে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।






