তুমুল বিতর্কের মধ্যেই নাগরিকত্ব আইন কার্যকর!
প্রকাশিত হয়েছে : ৮:১৯:৫৩,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৬০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশজুড়ে বিক্ষোভ, সমালোচনা ও প্রতিবাদকে তোয়াক্কা না করে শেষ পর্যন্ত বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করেছে ভারত সরকার। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ক্ষমতাসীন বিজেপি সরকার এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আইনটি কার্যকরের কথা জানিয়েছে। গেজেটে এদিন থেকেই নতুন নাগরিকত্ব আইন কার্যকরের কথা বলা হয়েছে।
এর আগে গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাস হয় বিলটি। রাজ্যসভায় এই বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। আর বিপক্ষে পড়ে ১০৫টি ভোট। এরপর ১২ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন। ফলে বিলটি আইনে পরিণত হয়।
বিতর্কিত আইনটিতে নিপীড়নের মুখে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইনটির বিরুদ্ধে গত এক মাসেরও বেশি সময় ধরে ভারতজুড়ে চলছে তীব্র বিক্ষোভ।






