আত্মপ্রকাশের অপেক্ষায় বিএনপির আরেক নতুন অঙ্গসংগঠন
প্রকাশিত হয়েছে : ৭:১৪:৩৮,অপরাহ্ন ০৬ অক্টোবর ২০১৯ | সংবাদটি ১২৪৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুব মহিলা দল আত্মপ্রকাশের জোর আলোচনা চলছে। দলের একাধিক নেতা সূত্রে জানা গেছে, শিগগিরই সংগঠনটি আত্মপ্রকাশ করবে। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না।
সূত্র জানায়, যুব মহিলা দল গঠন হবে জাতীয়তাবাদী যুবদলের আদলে। পেশাজীবীদের মধ্যে যারা যুব মহিলা এবং ছাত্রদল থেকে যারা উঠে এসেছেন তাদের সমন্বয়ে যুব মহিলা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে এ সংগঠনের কমিটি গঠন করা হবে।
সূত্র আরও জানায়, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আহ্বায়ক এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী আরিফা সুলতানা রুমাকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী যুব মহিলা দল গঠনের খসড়া কাজ চলছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপিকেও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যুব মহিলা দলের গঠনতন্ত্র, প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সার্বিক কাজ সম্পন্ন হলে বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হবে। বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। বিএনপির সিনিয়র নেতারা গোপনে উৎসাহ দিলেও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না। কারণ হিসেবে জানা গেছে, ২০১৫ সালের মাঝামাঝিতে সানজানা চৈতী পপিকে সভাপতি ও লায়ন হাসিনা মোর্শেদ কাকলীকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী যুব মহিলা দল গঠনের উদ্যোগ নেয়া হয়। তবে তৎকালীন মহিলা দলের এক প্রভাবশালীর নেত্রীর বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।






