স্কুল ফাঁকি দিয়ে আড্ডারত ছাত্র-ছাত্রীদের ধরলো পুলিশ!
প্রকাশিত হয়েছে : ৩:৪২:৪৫,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: স্কুল ফাঁকি দিয়ে আড্ডারত অবস্থায় স্কুলড্রেস পরিহিত ২৬ জন ছাত্র-ছাত্রীকে আটক করলো পুলিশ। পরে অবশ্য অভিভাবকদের ডেকে এনে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে তাদের আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, প্রায়শই দেখা যায় স্কুল চলাকালীন শিক্ষার্থীদের একটি অংশ নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়, ঘোরাফেরা করে। অথচ তাদের অভিভাবকরা জানেন তাদের সন্তান বিদ্যালয়ে বা কলেজে গেছে। এভাবে স্কুল/কলেজ ফাঁকি দেওয়া শিক্ষার্থীরাই পরে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে উঠছে। এভাবেই বিপদগামী হচ্ছে তারা।
ওসি মোহাম্মদ মহসিন বলেন, স্কুল ফাঁকি দিয়ে সিআরবি এলাকায় আড্ডা দেওয়া ২৬ শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের অবস্থান সম্পর্কে নিজ নিজ পরিবারকে জানানো হয়েছে। এসময় তাদের স্কুল-কলেজ ফাঁকি না দিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার উপদেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরেছে।






