বাচ্চাকে মারপিট করায় থানা ঘেরাও করলো হনুমান!
প্রকাশিত হয়েছে : ৪:৪২:৪২,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৯৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাচ্চাকে মারপিট করায় একদল (কালোমুখ বিরল প্রজাতির) হনুমান যশোরের কেশবপুর থানা ঘেরাও করে রাখার ঘটনা ঘটেছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ২০-২৫টি থানার প্রধান ফটকে অবস্থান নেয়। তারা এক পর্যায়ে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে। এ সময় হনুমানদের খাবার পরিবেশন করে শান্ত করা চেষ্টা করে পুলিশ।
কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে।
বাচ্চাটিকে মারপিট করে আহত করা হয়েছে। এরপর পরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফটকের সামনে ও ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়। পরে কিছু শুকনা খাবার দিলে ঘণ্টাখানেক অবস্থানের পর হনুমানের দল চলে যায়।
কেশবপুর উপজেলা বন কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, ৫ শতাধিক হনুমান রয়েছে শহর ও শহরতলিতে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।
খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। হনুমান অত্যন্ত স্পর্শকাতর প্রাণী। তাদের ওপর কেউ হামলা করলে তারা দলবদ্ধভাবে যায়। ইতোপূর্বে এরকম একাধিক ঘটনা ঘটেছে বলে জানান বন কর্মকর্তা মোনায়েম হোসেন।






