গণমাধ্যমে কথা বললেই মিন্নির ‘জামিন ‘ বাতিল!
প্রকাশিত হয়েছে : ১০:১১:৩৯,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৩৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জামিন পেয়েছেন। তবে গণমাধ্যমের সামনে কথা বললেই তার জামিন বাতিল হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। এছাড়া তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ দুই শর্তে তাকে জামিনের আদেশ দিয়েছেন।
শর্তে বলা হয়েছে মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না ও তাকে তার বাবার জিম্মায় থাকতে হবে। জামিনে থাকা অবস্থায় মিন্নি গণমাধ্যমের সাথে কথা বললে তার জামিন বাতিল হবে বলেও আদেশে উল্লেখ করেছেন আদালত। মিন্নির জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে এসব আদেশ এলো।
এর আগে মিন্নির জামিন কেন দেয়া হবে না তা জানতে চেয়ে গত ২০ আগস্ট রুল জারি করেছিলেন আদালত। এর আগে গত ৩০ জুলাই বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মিন্নির জামিন নামঞ্জুর করে আদেশ দেন। তার আগে গত ২১ জুলাই বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজুল ইসলাম গাজীর আদালত মিন্নির জামিনের আবেদন নামঞ্জুর করেন। এরপর মিন্নির জামিনের বিষয়টি হাইকোর্টে আসে।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সাড়া দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়।






