জামিন পেলেন ‘মিন্নি’, মিডিয়ায় কথা বলা নিষেধ!
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৪১,অপরাহ্ন ২৯ আগস্ট ২০১৯ | সংবাদটি ৬২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। জামিন দিয়ে আদালত আদেশে বলা হয়েছে, এই সময়ে মিন্নি তার বাবার জিম্মায় থাকবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না।
এছাড়া আদালত বরগুনার পুলিশ সুপারকে বলেছেন, দায়িত্বশীল জায়গায় থেকে এমন কোনো বক্তব্য দেয়া যাবে না যাতে মামলার বিচার কাজে বাধা সৃষ্টি হয়।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ২টা থেকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) রায়ের জন্য দিন ধার্য করেন।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং তার টিমের সদস্যরা।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।
এর আগে গত ২০ আগস্ট রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলার তদন্ত কর্মকর্তাকে মামলার কেস ডকেটসহ আসতে বলেন হাইকোর্ট। এ ছাড়া বরগুনার এসপিকে মিন্নির দোষ স্বীকার নিয়ে সংবাদ সম্মেলনের ব্যাখ্যা দিতে বলা হয়। মামলার চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
গত ১৮ আগস্ট বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন উপস্থাপন করা হয়। গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ২৭ জুন ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন (১৭ জুলাই) মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বরগুনার আদালতে মিন্নির জামিন আবেদন জানালেও তার জামিন মেলেনি। নিম্ন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করলেন মিন্নির আইনজীবীরা।






